স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্বজনপ্রীতি ও অর্থবাণিজ্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে ফতুল্লা থানা ছাত্রদল। গতকাল স্থানীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে রনির কুশ পুত্তলিকা দাহ করে তার বহিষ্কার দাবি করেন। তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতির পদ পাওয়ার পর থেকেই মশিউর রহমান রনি স্বেচ্ছাচারিতাসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্রদের দলের থানা ও ইউনিয়ন কমিটিতে স্থান করে দিয়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন। একই সঙ্গে ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান তারা। সমাবেশ শেষে ছাত্রদল নেতাকর্মীরা নগরীর বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন।
