ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে অপর দুই সূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সাত পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৬টি এবং ৮৮টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২৫ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫০ কোটি ১৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ১১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৮ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইষ্টার্ন ইনসিওরেন্স, ব্র্যাক ব্যাংক, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া প্যাসেফিক জেনারেল ইনসিওরেন্স, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং গ্রামীণ ওয়ান : স্কীম টু। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
