বাংলাদেশ শিপিং করপোরেশনের মুনাফায় ধস

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি আগের বছরের লভ্যাংশের ধারাবাহিকতা রক্ষা করল। ২০১৯ সালের মতো ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও চলমান হিসাব বছরে মুনাফায় বড় ধাক্কা খেয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমে প্রায় তিন ভাগের এক ভাগে দাঁড়িয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে দুই টাকা ৭২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা তিন পয়সা।