ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিস বড় লোকসানে পড়েছে। ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ছয় বছর কোম্পানিটির লভ্যাংশ থেকে বঞ্চিত হলেন বিনিয়োগকারীরা। অথচ একটা সময় শেয়ারহোল্ডারদের নিয়মিত ১০ শতাংশের ওপরে লভ্যাংশ দিয়েছে এই কোম্পানিটি। অবশ্য সেই লভ্যাংশ ছিল বোনাস শেয়ারনির্ভর। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের পাশাপাশি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়েও কোম্পানিটি লোকসানের মধ্যে পড়েছে। ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে চার টাকা ৭৩ পয়সা আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ছয় টাকা ৭৬ পয়সা। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে।
