কেশবপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৩০

যশোর অফিস

যশোরের কেশবপুর উপজেলার সাতাশকাটি গ্রামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবু সাঈদ (৪৫) কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে। মঙ্গলবার রাতে সাতাশকাটি গ্রামের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের নির্জন পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। এরপর সেখান থেকে ঐ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্য মতে, নিহত সাঈদ সরদার পুরাতন ব্যাটারির ব্যবসায়ী ছিলেন। কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।