মাস্ক না পরায় বিভিন্ন স্থানে ১৯৩ জনকে জরিমানা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৩

ইত্তেফাক ডেস্ক

মাস্ক না পরায় বিভিন্ন স্থানে ১৯৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর

চাঁদপুর :করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে প্রকাশ্যে চাঁদপুরের সড়ক, মার্কেট ও সড়কে চলাচল করায় পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালত ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, আজিজুন্নাহার, ইমরা মাহমুদ ডালিম ও অলিদুজ্জামান।

বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বানারীপাড়া ফেরিঘাট এবং হরি মন্দির মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল :বরিশাল নগরীতে বুধবার মাস্ক না পরায় ১১ জন পথচারীকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।