কুমিল্লার নিখোঁজ যুবকের গলাকাটা লাশ চাঁদপুরে উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৪

চাঁদপুর প্রতিনিধি

কুমিল্লার নিখোঁজ যুবকের গলাকাটা লাশ মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় স্টিলের ড্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিদ্দিকুর রহমান (৩৫)। স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে। সিদ্দিকুর রহমান কুমিল্লার সদর দক্ষিণ থানার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। বুধবার এ ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শাহরাস্তি থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, প্রথমে ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরে রাত দুইটার দিকে কুমিল্লা দক্ষিণ থানা পুলিশের মাধ্যমে পরিচয় পাওয়া যায় এবং সে ৯ নভেম্বর বিকালে নিখোঁজ হয় বলে জানতে পারি। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান জানান, ক্ষতবিক্ষত অবস্থায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির রাজাপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করি। মঙ্গলবার সকালে নিখোঁজ ডায়রি করে তার পরিবার। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।