ভগ্ন ও ধ্বংসপ্রায় সড়কের সংস্কার প্রয়োজন

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৫১

অবকাঠামোগত খাতগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অর্থনীতিতে অবদান রাখে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুত্, গ্যাস ও পানি সরবরাহ, বন্দর, বাঁধ ও সেতু নির্মাণ, টেলিযোগাযোগ, শক্তিসম্পদ প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। সুদৃঢ়ভাবে এসব ক্ষেত্রের উন্নয়ন গড়ে তোলার ফলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হয়। উন্নত সড়কব্যবস্থা দেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি নিয়ামক হিসেবে কাজ করে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের অনেক সড়কই দুর্দশাগ্রস্ত। প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা এবং পত্রিকার পাতায় সচিত্র প্রতিবেদনে আমরা এসব দেখছি। কোথাও আবার রাস্তার সংস্কার কাজ শেষ করার আগেই এর উপরিভাগ উঠে  যাচ্ছে। এসব রাস্তায় যাতায়াতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ে পণ্য পরিবহন করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আমি ভারতে গিয়ে দেখেছি, সেখানকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাও অত্যন্ত মসৃণ ও চলাচলের উপযোগী। অবকাঠামোগত উন্নয়নই একজন বহির্দেশীয় ব্যক্তির চোখে প্রথমে ধরা পড়ে। তাই সারা দেশের চলাচলের অনুপযোগী সড়কসমূহের দ্রুত উন্নয়নসহ নতুন নতুন প্রয়োজনীয় সড়ক নির্মাণের জন্য সংশি­ষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। অবকাঠামোগত উন্নয়নই আনবে অর্থনৈতিক সমৃদ্ধি।

জয়নব চামেলি

গংগানগর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ