বিরোধিতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল :কাদের

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২২:১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল। গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। তিনি বলেন, বিরোধিতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। তাহলে বিএনপি কীভাবে                 গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।’ বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় জানিয়ে কাদের বলেন, ‘এ দলটি জন্ম থেকেই এ পর্যন্ত তা প্রমাণ করেছে বারবার।’

আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। অবস্থা এমন যে, বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে।’

‘সরকার জনগণের মনের ভাষা বুঝতে পারে না’ মর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জনগণের মণিকোঠায়। এদেশের রাজনীতিতে পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং জনঘনিষ্ঠ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে।’