এএসপি আনিসুল হত্যাকারীদের কেউ ছাড় পাবে না :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২২:২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, চিকিত্সার জন্য এএসপি আনিসুল মানসিক হাসপাতালে গিয়োছিলেন। সেখান থেকে কোনো এক পর্যায় তাকে মাইন্ড এইড হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে আমরা একটা ভিডিওতে দেখলাম তাকে নিয়ে ধস্তাধস্তি করা হচ্ছে। ধস্তাধস্তির একপর্যায় তিনি মারা যান বলে হূদেরাগ হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন। মন্ত্রী বলেন, এখনো তদন্ত রিপোর্টটা পাইনি। সেটি পেলে জানাতে পারব, ঘটনাটা কী ঘটেছে। নিহতের বাবা এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন আদাবর থানায়।

তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমোদন ছিল না ঐ মানসিক হাসপাতালটির। যেসব হাসপাতালের অনুমোদন নেই, অনিয়ম হচ্ছে সেগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে অভিযান পরিচালনা করা হবে।

র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করার নেপথ্যে কোনো কারণ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেপথ্যে কোনো কারণ নেই। এটাই সরকারি নিয়ম। ম্যাজিস্ট্রেট সাহেব অনেকদিন ধরে ওখানে ছিলেন। হয়তো আরো ভালো জায়গায় যাবেন, ভালো জায়গার জন্য অন্য জায়গায় সরাবেন, তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।