প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে সৌদির অনুষ্ঠানে বোমা হামলা, আহত ১২

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২২:২২

সৌদি আরবে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত চারজন আহত হয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় বোমা হামলা হয়েছে। খবর বিবিসির

সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি বলে দাবি করে যা পোস্ট করেছেন তাতে পুষ্পস্তবকের আশেপাশে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তবে এই ছবি ঘটনাস্থলের কিনা তা যাচাই করা যায়নি। সৌদি সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু শোনা যায়নি, তবে জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।         ১২ দিন আগে জেদ্দায় ফরাসি দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার ঘটনা ঘটেছিল।

সৌদি আরবে কর্মরত সাংবাদিক ক্ল্যারেন্স রডরিগাজ টুইট করেছেন যে বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আয়রাল্যান্ডের কনসাল জেনারেলরা এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে। প্রকৃত ঘটনা সম্পর্কে এখনো স্পষ্ট জানা যায়নি। ফ্রান্সের ল্য ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা দূতাবাসের ঐ বিস্ফোরণ সম্পর্কে এক টুইট বার্তায় বলেছেন অনুষ্ঠান চলার সময় একটি গ্রেনেড ছোঁড়া হয় এবং ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বোমাটি ঘরে তৈরি বিস্ফোরক ছিল।