টেকনাফে বাংলাদেশি ৯ জেলেকে অপহরণ করেছে মিয়ানমার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২২:২৪

টেকনাফে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী মোহনায় মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি মাছ ধরার নৌকা ও জালসহ ৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমার বিজিপির সদস্যরা। অপহূত জেলেদের ফেরত আনতে তত্পরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অপহূত জেলেরা হলেন—সাবরাংয়ের জেলে মো. নুরুল আলম, মো. ইসমাইল হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী, মো. কালা ওরফে কালাবদা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া ও মো. লালু মিয়া। সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল আমিন ও নৌকার মালিক মো. আমিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত মঙ্গলবার বিকালে মাছ ধরা নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা ইঞ্জিন বিকল হওয়া নৌকার জেলেদের তাদের দিকে যাওয়ার জন্য ডাকেন। কিন্তু ইঞ্জিন বিকল হওয়ায় জেলেরা কোনোদিকে যেতে না পেরে ভাসতে থাকে। এ সময় বিজিপির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

এই ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে বিজিপির-২ নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।