মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে সৌদি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে ইয়েমেনে চলমান সংঘাত নিরসনে সামরিক অভিযান সীমিত করাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন তারা।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পম্পেওর বৈঠক শেষ হওয়ার পর রিয়াদে মার্কিন দূতাবাস থেকে এক টুইটে বলা হয়, ‘ইয়েমেনে সামরিক তত্পরতা হ্রাস এবং সুইডেন চুক্তি মেনে চলার ব্যাপারে ঐকমত্য হয়েছে। বিশেষ করে হোদেইদায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে ঐকমত্যের কথা পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ।’
গত ডিসেম্বরে সুইডেনে আয়োজিত শান্তি আলোচনায় হোদেইদায় যুদ্ধবিরতি এবং লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহারের ব্যাপারে একমত হয়েছিল ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহল থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ রয়েছে।
পম্পেওর সফরসঙ্গী সাংবাদিকরা জানান, শীর্ষ এ মার্কিন কর্মকর্তা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ৩৫ মিনিট এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ৪৫ মিনিটের আলাদা দুইটি বৈঠক করেন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সঙ্গে পম্পেও আলোচনা করবেন বলেও জানানো হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ওই বিষয়ে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
