মার্কিন পণ্যে ৪০০ কোটি ডলারের শুল্ক আরোপ করছে ইইউ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:১৯

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ৪০০ কোটি ডলারের শুল্ক আরোপ করা হচ্ছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার আগেই এই শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হলো। খবর ডয়চেভেলের

বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি প্রদান করা নিয়ে সৃষ্ট বিরোধের অংশ হিসেবে পনির এবং ওয়াইনের মতো ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পালটা ব্যবস্থা নিয়েছি। ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালডিস ডম্ব্রভস্কিস সোমবার জানিয়েছেন যে ইউরোপে রপ্তানি করা মার্কিন বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ও অন্যান্য জরিমানা আরোপ করতে যাচ্ছে ইইউ, অর্থের হিসেবে যা ৪০০ কোটি মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র বোয়িংকে অবৈধভাবে ভর্তুকি প্রদান করার প্রতিবাদে এসব শুল্ক আরোপ করছে ইইউ। অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এক রায়ে এ ধরনের শুল্ক আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরপর ইইউভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হন।

যুক্তরাষ্ট্র অবশ্য গত বছরই ইউরোপের বিভিন্ন পণ্যের ওপর এ ধরনের শুল্ক আরোপ করেছিল। ওয়াইন, পনির, সিঙ্গেল মল্ট হুইস্কির ওপর আরোপ করা সেই শুল্কের পরিমাণ আর্থিক হিসেবে সাত বিলিয়ন মার্কিন ডলারের মতো। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসকে ভর্তুকি দেওয়া নিয়ে গত ১৬ বছর ধরেই ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধ চলছে। বিশেষজ্ঞরা অবশ্য মার্কিন নির্বাচনে বাইডেন জেতার পরপরই ইইউর এই ঘোষণায় কিছুটা অবাক হয়েছেন। তারা মনে করছেন, এই ঘোষণা আরো কিছুদিন অপেক্ষা করার পর দেওয়া যেত কেননা বাইডেন হয়তো বিষয়টি অন্যকোনোভাবে সুরাহার চেষ্টা করতেন।