তাইওয়ানের সঙ্গে সম্পর্ক না গড়তে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:১৯

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের বিস্তার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন এবং তাইপে চলতি মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক ইস্যুতে বৈঠকে বসবে বলে ঘোষণা করেছে তখন চীন এই আহ্বান জানাল। খবর রয়টার্স ও পার্স টুডের

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকার সঙ্গে বেশ কিছু ইস্যুতে চীনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছেন। এ ঘটনাকে চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে উসকানি হিসেবে বিবেচনা করছে বেইজিং।

গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে ৬০ কোটি ডলার মূল্যের চারটি এমকিউ-৯ সিগার্ডিয়ান ড্রোন বিক্রি করার ব্যাপারে সম্মতি দিয়েছে। এ ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন আগেই বলেন, আমেরিকা তাদের কাছে অত্যাধুনিক এই ড্রোন বিক্রি করলে তার বৈধ এবং প্রয়োজনীয় জবাব দেবে বেইজিং। এর আগে গত ২৫ অক্টোবর আমেরিকা তাইওয়ানের কাছে ২৪০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল।