এইচএসসির ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি নয় :ইউজিসি

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:১৯

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল ইউজিসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চমাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষার্থী ভর্তির যোগ্যতাসংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ বছর উচ্চমাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল অদ্যাবধি প্রকাশিত হয়নি। তথাপি কমিশন অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

নিয়মানুযায়ী একজন শিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে।

এই নিয়ম এখনো বহাল থাকায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই বলে জানিয়েছে ইউজিসি।