সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার হলি ফ্যামিলি হাসপাতাল, মত্স্য ভবন, শাঁখারীবাজার, নয়াবাজার, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাকা ডেমরা রোডস্থ টোল প্লাজা এবং ঢাকা মেডিক্যাল-সংলগ্ন নির্মাণাধীন ফুটওভারব্রিজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, সম্ভাব্যতা যাচাই না করে যেসব প্রকল্প নেওয়া হয়, আমরা পরবর্তী সময়ে দেখি, সেগুলো সঠিক বাস্তবায়নও হয় না এবং সেগুলো কার্যকরও হয় না। মত্স্য ভবনের কোনায় ও হাইকোর্টের সামনে এবং পুরান ঢাকার জজকোর্টের সামনে নির্মাণাধীন ফুটওভারব্রিজ দুটির খুবই চাহিদা রয়েছে। শেখ তাপস বলেন, ঢাকা মেডিক্যালের সামনের ফুটওভারব্রিজটি নির্মাণের কাজ এখনো শুরু হয়নি বলা যায়। শুধু লিফট ফ্লোর করা হয়েছে। এ রকম দুটো ফুটওভারব্রিজে লিফট খাতে সংযোজন করা হয়েছে। সেগুলো সম্ভাব্যতা যাচাই করা উচিত ছিল।
মেয়র আরো বলেন, ‘দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন-পরবর্তী নিবন্ধনের প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই একটি পর্যায়ে আমরা যেতে পারব। আর আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটির যে বৈঠক করেছি সেখানে দুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার মধ্যে একটি হলো—পুরাতন বাস বাদ যাবে, নতুন বাস সংযোজিত হবে।’ এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
