বিএনপির নেত্রী এমন আপস করেছেন যে একটি কথাও বলতে পারছেন না ------------জি এম কাদের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:২০

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপাই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি। দ্বিতীয় বিকল্প শক্তি হয়েও বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাদের আপসহীন নেত্রী এমন আপস করেই জেল থেকে বের হয়েছেন যে, তিনি দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। তাদের আরেক নেতার প্রতি বিএনপির নেতাকর্মীদেরই আস্থা নেই। দেশের মানুষও বিএনপির কাছে প্রত্যাশা করে না। তিনি গতকাল বুধবার তার বনানী কার্যালয়ে দলের খুলনা মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। আবার বিএনপির শাসনামলে ২১ আগস্টের গ্রেনেড হামলা বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এমন ধারণাও ক্ষমতাসীনদের। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে জাপা মাঠে থাকবে। ভোটের ফলাফল যাই হোক, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত জাপা ভোটের মাঠ ছাড়বে না। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিপক্ষে কোনো নেতাকর্মী অবস্থান নিলে সে আর জাপা করতে পারবে না। জাপা নির্বাচনে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি। জি এম কাদের বলেন, জাপা যতবার আওয়ামী লীগকে সমর্থন করেছে, ততবারই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জাপাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক শক্তিই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতে পারবে না।