স্ত্রীকে সহায়তা করতে চাকরি ছাড়ছেন কমলা হ্যারিসের স্বামী

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:২১

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভুত ভাইস প্রেসিডেন্ট। তার স্বামী ডগলাস এমহফ পেশায় আইনজীবী। কিন্তু স্ত্রীকে কমলাকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সহায়তা করতে চাকরি ছাড়ছেন। যদিও তিনি রাজনীতিতে জড়াবেন না বলে জানিয়েছেন। এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন জানিয়েছিলেন, তিনি ফার্স্ট লেডি হলেও শিক্ষকতা ছাড়বেন না। খবর ডেইলি মেইলের

ডগলাস এমহফ ‘ডিএলএ পাইপার’ নামের একটি ল ফার্মে কাজ করেন। তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিমে কাজ করছেন। সেখানে তিনি মূলত বিনোদন, খেলাধূলা ও গণমাধ্যম ক্ষেত্রের মামলাগুলো দেখতেন। ২০১৭ সালে এমহফ ওই ল ফার্মে যোগ দেন এবং তিনি ফার্মের অংশীদারদের একজন। জো বাইডেন কমলাকে রানিংমেট ঘোষণার পর আগষ্ট থেকেই তিনি ছুটিতে ছিলেন। তিনি স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণাও চালিয়েছিলেন। নীতি বিশেষজ্ঞরা বলছেন, এমহফ চাকরি ছেড়ে হোয়াইট হাউজে যোগ দিলে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। তিনি লবিংয়ের সঙ্গে যুক্ত নন, তবু তার ল ফার্ম করপোরেট গ্রাহক পেতে ফেডারেল সরকারের সঙ্গে দেনদরবার করছে।