হংকংয়ে পদত্যাগ করেছেন গণতন্ত্রপন্থি সব আইনপ্রণেতা। চার আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে বহিষ্কারের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদেরকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হলে হংকংয়ের যে কোনো আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণার বিধান রেখে গতকাল বুধবার একটি আইন পাস করে বেইজিং। চীনের এই পদক্ষেপকে হংকংয়ের স্বাধীনতা খর্ব করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আইনটি পাস হওয়ার পর হংকং কর্তৃপক্ষ চার আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে। এর কিছুক্ষণ পরই হংকং ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান উ চাই-ওয়াই সাংবাদিকদের জানান, তারা নগরীর আইনপরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। পরে তারা পদত্যাগ করেন। তিনি বলেন, যাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে আমরা আমাদের সেই সহকর্মীদের পাশে দাঁড়াব। -রয়টার্স
