সমঝোতার লক্ষ্যে কাউন্সিল স্থগিত করল ড. কামালের গণফোরাম

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩৭

আলাপ-আলোচনার মাধ্যমে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। এ লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় দলের কাউন্সিল স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হলো। ঐক্যবদ্ধ কাউন্সিলের তারিখ পরে জানানো হবে।’

সম্প্রতি গণফোরামে দলীয় কোন্দল তীব্র হয়ে ওঠে। দ্বন্দ্ব-কোন্দলের জের ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দলটি। দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং সাবেক দুই নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ তাদের অনুসারীরা ২৬ ডিসেম্বর পৃথক কাউন্সিলের ঘোষণা দেন। ঘটে পালটাপালটি বহিষ্কারের ঘটনাও।

জানা গেছে, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শিগিগরই একটি বিবৃতি দেবেন, যেখানে ঐক্যবদ্ধ কাউন্সিলের ঘোষণা থাকবে। এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে মোটামুটি সমঝোতা হয়েছে।