‘কর্নাটকে কংগ্রেস-জেডি (এস) সরকার ফেলতে চায় বিজেপি’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

 

লোকসভা নির্বাচনের আগে কর্নাটকে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারকে ফেলে দিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। একটি সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন জেডি (এস) নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। তিনি বলেন, ‘আমার ছেলের (মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী) সরকারকে ফেলে দেওয়ার জন্য ওরা (বিজেপি) উঠেপড়ে লেগেছে। এ থেকে শুধু ঈশ্বরই বাঁচাতে পারেন।’

লোকসভা ভোটের আগে গত কিছুদিন ধরেই কর্নাটকে নাটক জমে উঠেছে। কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার মঙ্গলবার অভিযোগ করেন, তার দলের তিন বিধায়ককে মুম্বাইয়ের একটি হোটেলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতারা। ওই তিন বিধায়ক এখনও রয়েছেন মুম্বাইয়ের হোটেলে। শুধু ওই তিনজনই নয়, কংগ্রেসের আরও অভিযোগ, দলের ১০ জন এবং জেডি (এস)-এর ১৩ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। সরকার ফেলতে অন্তত ১৬-১৭ জনকে পদত্যাগ করাতে চাইছে নরেন্দ্র মোদীর দল। কর্নাটকের বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে বিজেপির হাতে রয়েছে ১০৪টি। কংগ্রেস-জেডি (এস)-এর জোটের ১১৭ জন বিধায়ক রয়েছেন। জোটের ১৩ জন বিধায়ককে দলে ভেড়াতে পারলেই সরকার ফেলে দেওয়া সম্ভব। খবর আনন্দবাজার পত্রিকা

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, লোকসভা ভোটের আসন বণ্টনের আলোচনায় কংগ্রেস এবং জেডি (এস)-এর মধ্যে দূরত্বটা বেড়ে যাওয়ায়, বিজেপি তার সুযোগ নিতে চাইছে। নরেন্দ্র মোদীর দলের লক্ষ্য, যেভাবেই হোক, কংগ্রেস ও জেডি (এস)-এর বিধায়কদের একাংশকে দলে ভেড়ানো। তখন অন্তর্বর্তী বিধানসভা ভোটের দাবি জানাতে পারবে বিজেপি।

তবে কর্নাটকের বিজেপি বিধায়কেরা পাল্টা অভিযোগ তুলেছেন, মুখ্যমন্ত্রী কুমারস্বামীই বিজেপির বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছেন। রাজ্যের বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা সোমবার দিল্লিতে বিধায়কদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছেন, কুমারস্বামীর ওই পরিকল্পনা রুখতে কর্নাটকের ১০৪ জন বিজেপি বিধায়ক কিছুদিন দিল্লিতেই থাকবেন। তাদের রাখা হয়েছে গুরুগ্রামের একটি রিসোর্টে।