পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ড প্রবণ তুলাতলা ও নিশানখালীর নিষিদ্ধ এলাকার বিলে মাছধরা হচ্ছে। এতে করে আবারও বনে আগুন লাগার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে অগ্নিকাণ্ড প্রবণ স্থান তুলাতলা বিল ও নিশানখালী খালে অবাধে চলছে মাছ ধরা। মাছধরায় জড়িত লোকজন বেআইনিভাবে বনের মধ্যে ঘর বানিয়ে সেখানে রাত্রিযাপন ও রান্নাবান্না করে। এরা গ্রুপে ৮/১০ জন করে বিলের পানিতে কারেন্ট জাল পেতে মাছ ধরে থাকে। শরণখোলার পশ্চিম রাজাপুর বটতলা গ্রামের কতিপয় লোক ধানসাগর ষ্টেশনের বনরক্ষীদের ম্যানেজ করে প্রতিদিন তুলাতলা বিল থেকে কারেন্ট জাল দিয়ে এক দেড়মণ শিং, মাগুর ও কৈ মাছ ধরে খুলনা-ঢাকায় চালান দিচ্ছে। অনেকে উপজেলার বাজার সমূহে বিক্রি করছে। বনসংলঘ্ন পশ্চিম রাজাপুর এলাকার একটি প্রভাবশালী মহল এই মাছধরা চক্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এবিষয়ে গোপন তদন্ত হলে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া যাবে বলে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন। বিলে মাছ ধরার কারণে আগামীতে ঐ এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের আশংকা প্রকাশ করেছে গ্রামবাসীরা। মাছধরার কারণে গত কয়েক বছরে ওই এলাকায় বনে আগুন লেগেছিলো বলে এলাকাবাসীরা জানান।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক মুঠোফোনে বলেন, বনের বিলে মাছ ধরার খবর তার জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।##
ইত্তেফাক/বিএএফ
