'ভয়েই শেহবাজ শরীফকে গ্রেফতার করিয়েছেন ইমরান'

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৩:২৬

পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফকে ভয়ে পড়ে গ্রেফতার করিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এক বিবৃতিতে এই দাবী করেছেন পিএমএল-এন এর মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব।

বিবৃতিতে তিনি বলেন, ইমরান খান ভয় পেয়েই শরীফকে গ্রেফতার করিয়েছেন। তিনি বিরোধীদলীয় নেতাকে আটক করতে বেশি আগ্রহী। অথচ পাকিস্তানের সাধারণ জনগণ রেশন পায়নি। অর্থনীতি এখন পর্যন্ত স্থির হয়নি। ওষুধ, বিদ্যুৎ এবং গ্যাসের দাম কমেনি বরং বেড়েছে। মানুষের কাছে এখন চাকরী নেই। সেদিকে তার কোনো চিন্তা নেই।

জি নিউজ বলছে, আওরঙ্গজেব মূলত কথাগুলো পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) এর প্রধান জাহাঙ্গীর তারিনকে উল্লেখ করে রেশনের কথাগুলো বলেছেন। তিনি জাহাঙ্গীর তারিনকে 'আটা ও চিনি চোর' বলে আখ্যা দিয়েছেন।

গত সেপ্টেম্বরে শেহবাজ শরীফকে অর্থপাচারের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় লাহোর হাইকোর্ট। এরপর শরীফ জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি।

ইত্তেফাক/টিআর