ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরী ও তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে পৃথক ঘটনায় ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুল রশিদের পুত্র হুমায়ুন (৩০) বুধবার প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির বাড়িতে কেউ ছিল না। হুমায়ুন প্রতিনিয়ত মেয়েটিকে উত্ত্যক্ত করতো। মেয়েটি সম্পর্কে তার চাচাতো বোন। ঘটনার সময় প্রতিবন্ধী কিশোরী হুমায়ুনকে জাপটে ধরে চিৎকার শুরু করলে বাড়ির আশপাশের লোকজন এসে হুমায়ুনকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে হুমায়ুনকে গ্রেফতার করে।
আরো পড়ুন: শারীরিক প্রতিবন্ধী ফ্রিল্যান্সার সেই ফাহিম আর নেই
অপর দিকে নান্দাইলের ভাটি কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে বুধবার মোশাররফ নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটি পাছপাড়া এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। বুধবার ছাত্রীটি নানার বাড়ির পেছনে লাকড়ি তৈরি করছিল। এ সময় মোশাররফ ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীটির কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে আসলে মোশাররফ দৌড়ে পালিয়ে যায়। অভিযুক্ত মোশাররফের বাড়ি শেরপুর ইউনিয়নের পাচরুখী গ্রামে। মোশাররফ পাছপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটায়।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মিজানুর রহমান আকন্দ সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হুমায়ুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএএম
