রেকর্ড গড়া জুটি আর টানা দুটি ডাবল সেঞ্চুরিতে শেফিল্ড শিল্ড রাঙিয়ে এবার অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিলেন উইলিয়াম পুকোভস্কি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক আলোচিত তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিনও।
এই দুই জনের পাশাপাশি ১৭ জনের টেস্ট স্কোয়াডে এখনো টেস্ট না খেলা ক্রিকেটার আছেন আরো তিন জন, দুই পেসার শন অ্যাবট ও মাইকেল নিসার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
পুকোভস্কি ও গ্রিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা ছিল কিছুদিন ধরেই। পুকোভস্কি এমনিতে তিন নম্বরে ব্যাট করলেও সম্প্রতি শুরু করেছেন ওপেনিং। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমেই খেলেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত ২৫৫ রানের ইনিংস। ঐ ইনিংসের পথে মার্কাস হ্যারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৮৬, শেফিল্ড শিল্ডের ইতিহাসে যা যে কোনো জুটিতে সর্বোচ্চ।
শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডেও ওপেন করতে নেমে পুকোভস্কি খেলেন ২০২ রানের ইনিংস। টেস্ট স্কোয়াডেও মূলত ওপেনিংয়ের ভাবনাতেই নেওয়া হয়েছে তাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সি এই ব্যাটসম্যান ২২ ম্যাচ খেলে করেছেন ৬ সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫৫.৪৮।
২১ বছর বয়সি গ্রিনও এবার শেফিল্ড শিল্ডে আছেন দুর্দান্ত ফর্মে। কয়েক দিন আগে খেলেছেন ১৯৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের চোখে রিকি পন্টিংয়ের পর অস্ট্রেলিয়ার সেরা প্রতিভা গ্রিন। স্বয়ং পন্টিংও এক বছর আগেই তাকে দেখতে চেয়েছিলেন টেস্ট দলে।
ব্যাটিংয়ের পাশাপাশি গ্রিনের পেস বোলিংও বেশ কার্যকর। শেফিল্ড শিল্ড অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। টেস্ট দলের জন্য ভালো পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা তাকে দিয়েই পূরণের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ান ক্রিকেট।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড :
শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, টিম পেইন (অধিনায়ক), জেমস প্যাটিনসন, উইলিয়াম পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
