রেকর্ডের আরো কাছে রোনালদো

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৪৩

অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের ৭-০ জয়ের দিনে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডের আরো কাছে পৌঁছে গেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দিনের অন্য প্রীতি ম্যাচে স্পেন এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ফ্রান্স ২-০ ব্যবধানে হেরেছে ফিনল্যান্ডের কাছে।

অ্যান্ডোরার বিপক্ষে অবশ্য শুরুর একাদশে ছিলেন না রোনালদো। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মাঠে নামার অনেক আগেই অবশ্য পেদ্রো নেতো, রেনাতো সানচেজের লক্ষ্যভেদ, পাওলিনহোর জোড়া গোল ও এমিলি গার্সিয়ার আত্মঘাতী গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়ে গেছে। রোনালদো নেমে ক্যারিয়ারে ১০২তম গোলের দেখা পান, তাতে আলী দায়ীর ১০৯ গোলের রেকর্ড থেকে সাত গোলের দূরত্বে চলে আসেন তিনি। তারপর হোয়াও ফেলিক্সের গোলে ৭-০ ব্যবধানের জয় মেলে কোচ ফার্নান্দো সান্তোসের দলের।

দিনের সবচেয়ে বড় ম্যাচটা ছিল স্পেন ও নেদারল্যান্ডসের। শুরুতে সার্জি কানালেসের গোলে এগিয়ে গেলেও পরে ডনি ফন ডি বিকের লক্ষ্যভেদে ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকে দুই দল।

তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোয়ের। চোটের কারণে নেদারল্যান্ডস এ রাতে হারিয়েছে নাথান আকে ও হেটেবোয়েরকে।

করোনাসৃষ্ট জটিলতার পর ফুটবল ফিরেছে মাঠে। এরপর থেকে ঠাসবুনোটের সূচির মধ্যে খেলোয়াড়দের যেন দল ফেলবার ফুরসত নেই। এরই মধ্যে এসে পড়েছে প্রীতি ম্যাচ খেলার ঝক্কি। এ নিয়ে সমালোচনা চলছে ইউরোপ জুড়েই। গত মঙ্গলবারই যেমন টনি ক্রুস ফিফা ও উয়েফার একহাত নিয়েছেন। কোচ বোয়েরের ক্ষোভের কারণটাও একই। বললেন, ‘এ ম্যাচ খেলাটা খুব প্রয়োজন বলে মোটেও মনে হয় না আমার। এ নিয়ে সবাই বসে সিদ্ধান্তে আসা উচিত আমাদের।’ দিনের অন্য ম্যাচে ফ্রান্স অবশ্য খেয়েছে দারুণ এক ধাক্কা। কোচ দিদিয়ের দেশমের দল ফিনল্যান্ডের কাছে হেরেছে ২-০ ব্যবধানে। দুটো গোলই বিশ্বচ্যাম্পিয়নরা হজম করেছে প্রথমার্ধেই। ২৮ মিনিটে মার্কাস ফর্সের গোলের পর ফ্রান্সের বিপক্ষে ফিনল্যান্ডের ব্যবধান বাড়ান অনি ভালাকারি। চোট সমস্যায় এদিন অবশ্য দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। এ হারের পরের ম্যাচেই উয়েফা নেশন্স লিগের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে চ্যাম্পিয়ন পর্তুগালকে পাচ্ছে ফরাসিরা।