আলোর সংকেত

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:০৩

যেন ব্যাবিলনের শূন্য উদ্যান

পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে

এক সাংকেতিক বাজপাখি,

তার ডানায়

কতিপয় ছিন্নমূল নগরী

বেমানান শার্টের মতো

সেঁটে আছে।

 

কৃষ্ণপক্ষ কাপালিক রাত

ধীর পায়ে

নগরীর উপান্তে হেঁটে যায়—

 

সূর্য ভুলেছে আলোকের কোড

চাঁদ ঝরে গেছে গিরিখাদে,

 

অ্যাভিন্যুর অন্ধকারে

মাথা তুলে দাঁড়ায়

সাংকেতিক বাজপাখি—

তার ডানায়

কতিপয় ছিন্নমূল নগরী

বেমানান শার্টের মতো

সেঁটে আছে।