নতুন করে পাঁচ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

জরিমানায়ও থামছে না পেট্রোল পাম্পের জালিয়াতি

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:১৮

রাজধানীসহ দেশব্যাপী পেট্রোল পাম্পের জ্বালানি তেল সরবরাহকালে পরিমাপে কম দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মধ্যে রাজধানীর কিছু পেট্রোল পাম্পে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসটিআইসহ অন্যান্য সংস্থা অভিযান চালিয়ে কিছু জরিমানা করা হলেও তাতে এ ধরনের জালিয়াতি রোধ করা যাচ্ছে না। সর্বশেষ বুধবারও রাজধানীর মিরপুর, গাবতলী ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে অন্তত পাঁচটি পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহকালে পরিমাপে কম দেওয়ার প্রমাণ মিলেছে। এসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও গাজীপুরের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান জরিমানা ব্যবস্থা দিয়ে এ ধরনের জালিয়াতি রোধ করা কঠিন। প্রতিদিন লাখ লাখ লিটার জ্বালানি তেল বিক্রিকালে এ ধরনের জালিয়াতি হয়েই যাচ্ছে। বছরে এ প্রক্রিয়ায় দেশব্যাপী পেট্রোল পাম্পগুলো বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু একটি প্রতিষ্ঠানকে মাত্র কয়েক হাজার টাকা জরিমানা করে এটি রোধ করা সম্ভব হবে না। বিএসটিআই সূত্র জানিয়েছে, অভিযানে ঢাকার মিরপুরের কোটবাড়ী এলাকার নূর ডিজেল পাম্প জ্বালানি তেল পরিমাপে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৯০ মিলিলিটার করে কম প্রদান করার বিষয়টি ধরা পড়েছে। একই এলাকার ডেনসো ফিলিং স্টেশনের চারটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট ছিল না। এজন্য উভয় পাম্পকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া গাজীপুরে রিয়াদ অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ও দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি পাঁচ লিটারে যথাক্রমে ৩৪০, ৩০০ ও ২৯০ মিলিলিটার করে কম প্রদান করে। অনিয়ম পাওয়া গেছে ইউনিয়ন ট্রেডিং করপোরেশনে। এর বাইরে মুকুল ফিলিং স্টেশন বি এস ট্রেডার্সেও অনিয়ম পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।