পর্যটন স্পটে মাস্ক পরিধান বাধ্যতামূলক হোক

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪০

ইউরোপের দেশে দেশে আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। শীতকে সামনে রেখে বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত  কোনো ভ্যাকসিন বাজারে না আসায় মাস্ক  পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। কিন্তু আশঙ্কাজনকভাবে লক্ষ করা যাচ্ছে, দেশের পর্যটন স্পটগুলোতে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এ অবস্থায় মাস্ক পরা একমাত্র সমাধান হলেও সেটিও চোখে পড়ছে না। কাজেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক। ধর্ম মন্ত্রণালয় ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। পর্যটন স্পটগুলোর ব্যাপারেও একই পন্থা অবলম্বন করা হোক। তদুপরি জীবনের সুন্দর স্মৃতিগুলো যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য ব্যক্তিগতভাবে সচেতন হয়ে জনসাধারণই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

মেহেদী হাসান আন্থন

শিক্ষার্থী,

স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়