সৈয়দপুরে মহাসড়কের পাশে পাইকারি বাজার!

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪২

নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার বাইপাস মহাসড়কে সম্প্রতি গড়ে উঠেছে একটি পাইকারি সবজি বাজার। যানবাহনের গতি নিয়ন্ত্রণে মহাসড়কের ঐ স্থানে নেই কোনো গতিরোধক (স্পিডব্রেকার)। এ অবস্থায় রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন বাজারটিতে জীবনের ঝুঁকি নিয়ে কেনাবেচাসহ চলাচল করতে হচ্ছে ব্যবসায়ীরাসহ ক্রেতাসাধারণকে। সড়কে দ্রুতগামী যানবাহন চলাচল করায় বাজার থেকে মালামাল নিয়ে প্রবেশ ও বের হওয়ার সময় প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। ক্ষতি বাড়ছে বাজারে আগতদের জানমালের। তাছাড়া, বাজারের সামনের রাস্তায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন আগত ক্রেতা-বিক্রেতারা। কয়েক দিন আগে তারাগঞ্জ এলাকার এক ব্যবসায়ীর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার মঞ্জুরুলের মোটরসাইকেলের। এ দুর্ঘটনায় মঞ্জুরুল মারাত্মক আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে যখন সড়ক-মহাসড়কের পাশের হাটবাজার সরানো হচ্ছে তখন এই বাজারটি সম্প্রতি ব্যস্ততম মহাসড়কের পাশে স্থাপন করায় ঝুঁকি বেড়েছে। সবজি বাজার পরিচালনাকারী একতা সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরাপত্তা বাড়াতে পুরো বাজার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সড়কের নিরাপত্তার জন্য বাজারের উভয় পাশে স্পিডব্রেকার স্থাপনেরও উদ্যোগ নেওয়া হবে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, নিয়ম মেনেই মহাসড়ক থেকে প্রয়োজনীয় দূরত্বে বাজারটি স্থাপন করা হয়েছে।