১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলাসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় গোর্কি আঘাত হানে। এই ঝড়ে পাঁচ লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। দিনটিকে স্মরণ করে ‘উপকূল দিবস’র রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল অফিস :বরিশালে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীতে পদযাত্রা শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। অ্যাকশনএইড বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ দিন সকালে এ কর্মসূচি পালিত হয়।
ভোলা (দক্ষিণ) :প্রেসক্লাবের সামনে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও উপকূল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এম হাবিবুর রহমান, আদিল হোসেন তপু, মো. শফিকুল ইসলাম, এস এম বাহাউদ্দিন প্রমুখ। পরে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুল।
হাতিয়া (নোয়াখালী) :প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাতিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ কে এম মানছুরল হক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক ইসমাইল হোসেন কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) :সকালে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
