বরিশালে মহিলা পরিষদের অবস্থান ধর্মঘট পালিত
বরিশাল অফিস সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বরিশালে প্রতিবাদী অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, প্রতিমা সরকার, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল এবং ব্লাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট সাহিদা বেগমসহ অন্যরা।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
স্টাফ রিপোর্টার, রাজশাহী করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ১২টি থানায় একযোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রাজপাড়া থানার লক্ষ্মীপুর ও হড়গ্রাম বাজার এলাকায় মাস্ক বিতরণ উদ্বোধন করেন।
প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে হোসেন আলী হাছনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হানিফ সরকারের আয়োজনে বৃহস্পতিবার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
ভোক্তা অধিকারবিষয়ক সেমিনার
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় ভোক্তা-অধিকার অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কাউখালীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার।
২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে বাগেরহাটে ২৪ দলীয় ডা. দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ী লিটন শিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাইব্রিড তেজ গোল্ড ধান বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বৃহস্পতিবার ৩৩৩ জন চাষির মধ্যে ১ হাজার কেজি হাইব্রিড তেজ গোল্ড ধান বিতরণ করা হয়েছে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি সদর জোন ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া ও আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে মধুপুর বাজারে সাধারণ মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া ও আগ্নিকাণ্ড থেকে জানমাল রক্ষার্থে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ বীর খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুব এলাহী।
