অস্ত্র-চাঁদাবাজি-মাদক মামলায় আদালতে নূর হোসেন

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৫৫

অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে দায়েরকৃত সাতটি মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়েছে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে। গতকাল দুপুরে পুলিশের কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় নূর হোসেনকে। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এ ব্যাপারে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমীন আহমেদ জানান, ২০১২ সালে র্যাবের দায়ের করা মাদক আইনের মামলায় আসামি নূর হোসেনের উপস্থিতিতে আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। এছাড়া চাঁদাবাজির একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। এছাড়া আরো পাঁচটি মামলার শুনানি হয়েছে আদালতে।

তিনি আরো জানান, মামলাগুলো বিচার প্রক্রিয়া চলছে। এই সাত মামলায় নূর হোসেন ছাড়াও কোনো মামলায় আরো সাত জন আসামি, কোনো মামলায় আট জন আসামি এবং কোনো মামলায় ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছে।