করোনা নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক ------------ ওবায়দুল কাদের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:১১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সুশাসন বিষয়ক প্রতিবেদনটি যতটা গবেষণাধর্মী, তার চেয়ে বেশি রাজনৈতিক। গতকাল বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা পরিচালনা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় করণীয় বিষয়ক গবেষণার সুপারিশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলা হয়েছে এবং আরো একধাপ এগিয়ে হয়রানিমূলক সব মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। গবেষকগণ টিআইবির      এই প্রতিবেদনকে গবেষণা না বলে রাজনৈতিক প্রতিবেদন হিসেবেই আখ্যা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

টিআইবির প্রতিবেদনে স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়ে যা বলা হয়েছে, সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার স্বতঃপ্রণোদিত হয়ে তার আগেই নানান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কোনো সংস্থা কিংবা কোনো দলের দাবি বা সুপারিশের প্রেক্ষিতে নয়। বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়।

তিনি বলেন, শীতকালে সম্ভাব্য দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্বসমাজ যখন করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করছে তখন সরকারের ন্যূনতম একটি ভালো উদ্যোগও টিআইবির গবেষক দলের চোখে পড়েনি, যা খুবই দুঃখজনক।