কুমিল্লায় নগর যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান দুই কাউন্সিলর, একজন সাবেক কাউন্সিলর, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য (প্যানেল চেয়ারম্যান), নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও একজন ছাত্রলীগ নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গত সিটি নির্বাচন ও চৌয়ারা বাজারের নিয়ন্ত্রণ-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর সঙ্গে যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের কেউ ছাড় পাবে না।
মামলায় এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে জিল্লুর রহমান চৌধুরী ২০১৭ সালে অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নিয়ে পরাজিত হন। এরপর থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রকাশ খলিলসহ অন্যান্য আসামিদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। গত বুধবার সকাল ৭টার দিকে যুবলীগকর্মী জিল্লুর রহমান তার স্কুল শিক্ষিকা স্ত্রী জাহানারা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে একটি ব্রিকফিল্ডের সন্নিকটে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা ১০/১৫টি মোটরসাইকেলযোগে ধারালো ছোরা, চাপাতি, ডেগার, ছেনি ও অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মুহূর্তের মধ্যে জিল্লুরকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুমেক হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে কাউন্সিলর আবুল হাসানকে ১ নম্বর আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, নিহত যুবলীগকর্মী জিল্লুর রহমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানার অনুসারী ছিলেন এবং মামলার আসামিদের অধিকাংশই কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নেতাকর্মী ও সমর্থক।
