স্পোর্টস রিপোর্টার
বিপিএল শুরুর আগে রাজধানীর হাতিরঝিলে নৌ বিহার আয়োজন করে জার্সি উন্মোচন ও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছিল রাজশাহী কিংস। এবার সিলেট পর্বে ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হচ্ছে পদ্মা পাড়ের দলটি। আজ বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে মিরাজ-মুমিনুলদের জার্সিতে শোভা পাবে মায়ের নাম।
সাধারণত জার্সির পেছনে ক্রিকেটারদের নাম থাকে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহীর প্রত্যেক ক্রিকেটারের জার্সিতে আজ লেখা থাকবে তাদের মায়ের নাম। দলটি মনে করে, জার্সিতে মায়ের নাম লিখতে বিশেষ কোনো উপলক্ষ বা দিনের প্রয়োজন হয় না। রাজশাহীর সিইও তাহমিদ আজিজুল হক বলেছেন, মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই চেষ্টা তাদের।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেছেন, ‘এমন কিছুর অভিজ্ঞতা আমার এটাই প্রথম। অবশ্যই আমাদের মা’দের জন্য কিছু করা বিশেষ অভিজ্ঞতা। আমরা ম্যাচটা জিততে চাই এবং আমাদের মা’কে উত্সর্গ করতে চাই।’
রাজশাহীর সহঅধিনায়ক সৌম্য সরকারের মতে, মাকে গর্বিত করার সুযোগ এটি। তিনি বলেছেন, ‘অবশ্যই এটা আমাদের দেশে প্রথমবার। আমরা সবসময় খেলি শার্টে নিজেদের নাম, ডাক নাম নিয়ে। এখন যা হবে তা আমরা কখনোই ভাবিনি। আমরা সবসময় বলি আমাদের মাকে আমরা ম্যাচ উত্সর্গ করতে চাই। এখন এটাই সময় যা আমরা করে দেখাতে পারি। আমাদের মাকে গর্বিত করার সুযোগ এটি।’
কোচ ল্যান্স ক্লুজনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমরা মা আমার কাছে বিশেষ মানুষ। সে সবসময় প্রথম মানুষ যে আমার কাছে জানতে চায়, আমরা দিনটা কেমন ছিল। আমি প্রতিদিনই তার সঙ্গে কথা বলি। প্রায়ই আমরা মাকে ভুলে যাই। চারপাশের মানুষ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সবার কাছে আমার অনুরোধ থাকবে প্রতিদিন অন্তত একবার মায়ের সঙ্গে কথা বলুন। সে আপনার জন্য যা করেছে তার প্রশংসা করুন।’
