ঢাকা-১৮ আসনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে রাজধানীর উত্তরার ৮ নম্বর ও ১২ নম্বর সেক্টরের দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর দুটি স্থান থেকে পুলিশ ১৫টি ককটেল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। এর বাইরে অন্য কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বেলা ১১টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ভোটকেন্দ্রের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঐ স্থান থেকে সন্দেহভাজন মোট চার জনকে আটক করা হয়েছে। এছাড়া ৯টি ককটেল জব্দ করে পুলিশ। ঘণ্টাখানেক পর উত্তরার ১২ নম্বর সেক্টরে তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সোহেল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরো চার-পাঁচটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপজাল ইউনিট গিয়ে ১৫টি ককটেল নিষ্ক্রিয় করে।
কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম
ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের খুব একটা উপস্থিতি লক্ষ করা যায়নি। এই এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অন্য দিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলেছে। পাড়া-মহল্লার অলিগলিতে চলাচলকারী মানুষের মধ্যে ভোট সংশ্লিষ্ট তেমন কোনো উচ্ছ্বাস লক্ষ করা যায়নি। কেন্দ্রগুলোর বাইরে ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসানের কর্মী-সমর্থকদের জটলা। মাঝে মধ্যে দুই-এক জন ভোটার কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আশকোনা এলাকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি কেন্দ্র। এই তিন কেন্দ্র মহিলা ভোটারদের জন্য। ১৪৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাব্বির খান তুহিন বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২ হাজার ৬৪৪ জন ভোটারের মধ্যে ১৩৩ জন ভোটার ভোট দেন। এই কেন্দ্রের ৩ নম্বর বুথে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের পোলিং এজেন্ট তাজুল ইসলাম বলেন, সকাল ৮টায় তিনি কেন্দ্রে এসেছেন। কেউ তাকে ভয়ভীতি দেখায়নি। যদিও ১৪৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাইম সিকদার ও ১৪৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, তাদের কেন্দ্রের কোনো বুথে বিএনপি মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট আসেননি। এরকম চিত্র উত্তরার অন্যান্য কেন্দ্রগুলোতে দেখা গেছে।
বিএনপির ভোট বর্জন
বৃহস্পতিবার বিকালে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট বর্জন করার ঘোষণা দেওয়া হয়। এসময় এস এম জাহাঙ্গীর বলেন, আমরা যে যে কেন্দ্রে গিয়েছি, দেখেছি সেখানে কোনো নির্বাচনি পরিবেশ ছিল না। আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। অনেককে মারধর করেছে, বোনদের গায়েও হাত তুলেছে। সংবাদ সম্মেলনে এস এম জাহাঙ্গীরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
