মার্কিনিদের গণতান্ত্রিক অভিজ্ঞতা কাজ করবে কি না সেটা দেখছে বিশ্ব :ওবামা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:১৯

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিনিদের গণতান্ত্রিক অভিজ্ঞতা কাজ করবে কিনা সেটাই দেখছে বিশ্ব। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা নিয়ে আমি এখনো আশাবাদী। ‘এ প্রমিজড ল্যান্ড’ শীর্ষক নতুন আত্মজীবনীমূলক বইয়ের মুখবন্ধে তিনি এ কথা লিখেছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বেসরকারি ফলে জয়ী হয়েছেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আইনি লড়াই শুরু করেছেন। তার অনমনীয় মনোভাবে যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওবামার লেখা মুখবন্ধে এ বিষয়টি এসেছে। দ্য আটলান্টিকের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওবামা লিখেছেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটের কিনারে এসে পৌঁছেছে। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর পরিস্থিতির এভাবে উন্মোচন হবে সেটা অনুমান করতে পারিনি। গণতন্ত্র এখন যে চ্যালেঞ্জের মুখে রয়েছে তা সম্ভবত সবার জন্য দুশ্চিন্তার। বিশ্ব দেখছে যে, আমাদের গণতান্ত্রিক অভিজ্ঞতা এবার কাজ করবে কিনা। তবে গত সপ্তাহের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ায় তিনি আশাবাদী। তবে তিনি এটাও লিখেছেন যে, কোনো একটি নির্বাচনে সব কিছু ঠিক হয়ে যাবে না। আমাদের মধ্যে বিভক্তি এখন অনেক গভীরে। আমাদের চ্যালেঞ্জগুলোও অদম্য। এর পরও আমি ভবিষ্যত্ নিয়ে যতটুকু আশাবাদী তার বড় অংশই এদেশের মানুষের প্রতি আস্থার জন্য। বিশেষ করে ভবিষ্যত্ প্রজন্মের প্রতি বিশ্বাসের জন্য।