আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা হঠাত্ করে আসেনি। বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায়ই স্বাধীনতা এসেছে। পাকিস্তানিরা চিরদিন এদেশের মানুষকে নিয়ে খেলেছে, বাঙালিদের সবসময় পদানত করে রাখার চেষ্টা করেছে। এটা উপলব্ধি করতে পেরেই বঙ্গবন্ধু স্বাধীনতার আন্দোলন শুরু করেছিলেন। ১৯৬১ সালেই বঙ্গবন্ধু আমাদের নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানিদের অত্যাচার-নির্যাতনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের ওপর গতকাল বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছিলেন, সোনার বাংলা গড়ার কাঠামো তৈরি করে গিয়েছেন। বঙ্গবন্ধু আজ নেই, কিন্তু তার প্রতিচ্ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সফলতা লাভ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ছয় দফা প্রস্তাব দিয়ে তার সমর্থনে যেখানেই সভা করেছেন সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি আবার সভা করেছেন। এরপর তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে শিল্প-কারখানা প্রতিষ্ঠা করেছিলেন।
