বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:২১

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন চলার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ৯টি গণপরিবহনে আগুন দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর শতাধিক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে জনগণকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, মগবাজার, মৌচাক, মালিবাগ, মিরপুর, গাবতলী, মহাখালী, তেজগাঁও শিল্প এলাকা, কাওরান বাজারসহ নগরীর শতাধিক স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন। বিকালে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকাল সাড়ে ৫টার মধ্যে পুরো বঙ্গবন্ধু এভিনিউ লেকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন। পরে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলটি নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের অভিমুখে যাওয়ার কথা থাকলেও পরে আর যায়নি।

এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপিকে জনগণ ভোট দিবে না অবগত হয়ে, নিশ্চিত পরাজয় জেনেই তারা আবার আগুন-সন্ত্রাস-ভাঙচুর শুরু করেছে। এটাই তাদের চরিত্র, এটাই তাদের রাজনীতি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই?’ মন্নাফী আরো বলেন, ‘বিএনপিকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আবার দেশকে অস্থিতিশীল করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেব।’

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নীলনকশার অংশ হিসেবে একটা সন্ত্রাসীকে প্রার্থী করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপির এই নীলনকশা আমরা বাস্তবায়ন হতে দিব না।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে তাত্ক্ষণিক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রতিটি নেতাকর্মীরা স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করে এর দাঁত ভাঙা জবাব দিতে সর্বদা রাজপথে প্রস্তুত আছে এবং থাকবে।