মায়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন মেয়ে করোনা বেগম (৩০)। শেষ বারের মতো মায়ের লাশ দেখা হলো না করোনা বেগমের। মা মারা গেছেন জেনে শেষ বারের মতো মায়ের মুখ দেখতে সিএনজি যোগে ভাই বউ শাহিনাসহ সন্তানদের নিয়ে গাজীপুর থেকে জামালপুরের সরিষাবাড়ী যাইতে ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি টাঙ্গাইলের মধুপুর-গারোবাজার রোডের ঘাটাইল উপজেলার সলিংবাজারের সামনে এলে দ্রুত গতির একটি ট্রাক ঐ সিএনজিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই করোনা বেগম মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত তার ভাই বউ শাহিনাকে (২২) উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় দুই শিশুসহ আরো পাঁচ জন গুরুতর আহত হন। তাদের সবার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌদ্র বহেরা গ্রামে।
ঘাটাইল সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তদন্ত মো. জাকির হোসেন বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
