সবার জন্য টিকা নিশ্চিতে উদ্যোগ নিয়েছেন মুহাম্মদ ইউনূস

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:১৬

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফাইজার ডিসেম্বরে এই টিকা বাজারজাত করার ঘোষণা দিয়েছে। কারা এই ভ্যাকসিন আগে পাবে তা নিয়ে আলোচনা চলছে দেশে দেশে।

এই অবস্থায় করোনা ভাইরাসের টিকা যাতে সব মানুষের কাছে পৌঁছায় সেজন্য উদ্যোগ নিয়েছেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি ‘গ্লোবাল কমন গুড’ নামে এই উদ্যোগ নিয়েছেন। তার পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্লোবাল কমন গুড’ হচ্ছে করোনা ভ্যাকসিনের ওপর বিশ্বের সব মানুষের সমান অধিকার। যেমনটা রয়েছে আলো-বাতাসের ওপর। ইতিমধ্যেই বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, রাজনৈতিক নেতা, এনজিওসহ বহু প্রতিষ্ঠান প্রফেসর ইউনূসের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

এ নিয়ে কাজ করছে পিপল ভ্যাকসিন অ্যালায়েন্স। ঢাকাস্থ ইউনূস সেন্টার এর অন্যতম সদস্য। ফাইজারের ভ্যাকসিনকে স্বাগত জানালেও তারা সন্দিহান এই ভ্যাকসিন বিশ্বের সব মানুষ পাবে কি না? তাদের দাবি, ভ্যাকসিনের প্রযুক্তিটি প্রকাশ করা হোক। যাতে করে বিশ্বের সব মানুষ কম মূল্যে এই ভ্যাকসিন পেয়ে যায়। ঢাকাস্থ ইউনূস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমেও এই প্রচারণা চালাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া আরেক পোস্টে ড. ইউনূস বলেছেন, কোভিড-১৯ পরবর্তী ভবিষ্যত্ সামাজিক ব্যবসার ওপর ভিত্তি করে গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও সম্পদের বৈষম্যকে মোকাবিলা করতে হবে।