মেয়ের জুতা কেনা হলো না মায়ের

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:১৯

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মরিয়ম বেগম নামে এক মা নিহত হয়েছেন। মেয়ের জন্য জুতা কিনতে মার্কেটে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সকরা জানান, পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বামী নূর ইসলাম বলেন, ‘আমার মেয়ের সামনে পরীক্ষা। মেয়ের জন্য শনিরআখড়া মার্কেটে যাচ্ছিল জুতা কিনতে। মাতুয়াইল মা ও শিশু হাসপাতলের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার স্ত্রীকে ধাক্কা দেয়।’

বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু : এদিকে গতকাল দুপুরে কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকায় বিদুত্স্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

মৃতের ভাই এস এম মামুন বলেন, কদমতলীর দক্ষিণ দনিয়া রহমতবাগের দোতলা বাসার নিচতলায় সম্প্রতি নতুন বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে। বাসার লাইন চেক করার সময় জিয়াউল হঠাত্ বিদুত্স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। দনিয়া এলাকায় কোচিংয়ে শিক্ষকতা করতেন জিয়াউল।