সৌদি আরবে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার একটি বিবৃতিতে আইএস'র পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়।
বুধবার সৌদি আরবের জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত একটি সভায় বোমা হামলা চালানো হয়।ওই হামলায় অন্তত দুজন আহত হন। ওই সভায় বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
আইএস'র বিবৃতিতে বলা হয়, ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ(স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে কূটনীতিকদের লক্ষ্য করেই এই বোমা হামলা চালানো হয়েছে।
ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র ‘আমাক’-এ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, মহানবীকে অপমান করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের কূটনীতিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
এদিকে সৌদি আরবের বোমা হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন, ইতালি এবং গ্রিস। এই সব দেশের কূটনীতিকেরাও হামলার দিন ওই সভায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এআর
