অবাক পৃথিবী

স্ফটিকের গুহা

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:৫৪

দীপ্ত রিজন

 

মেক্সিকোর চিহোয়াহুয়ার নাইকা শহরের কাছে একটি রূপার খনিতে কাজ করার সময় ২০০০ সালে আবিষ্কৃত হয় বিস্ময়কর স্ফটিকের গুহা। স্প্যানিশ ভাষায় ক্রিস্টাল কেভ বা স্ফটিকের এই গুহাটিকে বলা হয় ক্যুভা দে লস ক্রিসটালস। ২৭ মিটার দৈর্ঘ্য এবং ৩০০ মিটার গভীর এই অসাধারণ ক্রিস্টালের গুহাটি খুবই বিপজ্জনক পরিবেশের জন্য। গুহার ভেতরের তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় ৯৯ শতাংশ। প্রতিরক্ষামূলক সাজসরঞ্জাম নিয়েও গুহার মধ্যে যে কোনো সময় মানুষ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

বিজ্ঞানীরা গুহাটির স্ফটিকের ভেতরে বিভিন্ন অনুজীব খুঁজে পেয়েছেন আর এর থেকে তাঁরা অনুমান করেন, সম্ভবত ৫০,০০০ বছর আগে থেকে এরা স্ফটিকের মধ্যে আটকে আছে। গুহায় বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়াও খুঁজে পাওয়া যায়, যাদের সঙ্গে এই গ্রহে আবিষ্কৃত অন্য কোনো ব্যাকটেরিয়ার সাদৃশ্য নেই। চরমভাবাপন্ন আবহাওয়া এবং বিপজ্জনক পরিবেশের কারণে এখানে পর্যটন নিষিদ্ধ করা হয়েছে। শুধু বিজ্ঞানী এবং গবেষকরা বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে গুহায় প্রবেশ করতে পারেন। যেহেতু এখানে নতুন ধরনের অনুজীব বেড়ে উঠছে, তাই প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশ্বের সবচেয়ে বড় স্ফটিকের খনিটি বর্তমানে সংরক্ষণ করা হচ্ছে।