বিশ্ব জুড়ে হামে বাড়ছে মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:০৯

 

করোনার মধ্যে এ রোগের প্রাদুর্ভাব সামনের জন্য ভয়াবহ বার্তা

বহন করছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন

বিশ্ব জুড়ে হামে মৃত্যুর হার ভয়াবহভাবে বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার জানিয়েছে, গত বছরে এই রোগে প্রায় ২ লাখ ৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এটি বিগত ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি বলে সংস্থা দুইটির যৌথ প্রতিবেদনে বলা হয়েছে। —আলজাজিরা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান করোনা মহামারিকালে এ রোগের ব্যাপক বিস্তারে গভীর হতাশা প্রকাশ করে বলেছেন, এ অবস্থা অবশ্যম্ভাবীভাবে আমাদের সামনের দিনগুলোর জন্য ভয়ংকর বার্তা বহন করছে। তারা বলেন, যে রোগটি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায় তা হঠাত্ করে কেন এত বেড়ে গেল তার কারণ বের করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে হামে মোট মৃত্যু তিন বছর আগের তুলনায় ৫০ শতাংশের মতো বেড়েছে। বিশ্ব জুড়ে এ রোগ নিয়ে ভয়াবহ খবর পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এ রোগে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। যদিও গত বছর দেশটির ৩১টি রাজ্যে হামে আক্রান্ত ১ হাজার ২৮২ জনের সন্ধান মিলেছে। ১৯৯২ সালের পর এটিই সর্বোচ্চ। ২০১২ সালেও যুক্তরাষ্ট্রে হামে মাত্র ৫৫ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। চলতি বছর এখন পর্যন্ত ২০১৯-এর তুলনায় হামে কম আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন বললেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনই একে পূর্ণাঙ্গ তথ্য হিসেবে মেনে নিতে রাজি হচ্ছেন না।