মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত মার্কিন সেনাসহ নিহত ৮

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:১০

মিশরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক শান্তিরক্ষী ও পর্যবেক্ষক (এমএফও) বাহিনীর সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছে। বৃহস্পতিবার শার্ম আল-শেখ শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ছয় মার্কিন নাগরিক এবং একজন করে চেক প্রজাতন্ত্র ও ফ্রান্সের নাগরিক নিহত হয়েছে বলে এমএফওর এক বিবৃতিতে জানানো হয়েছে। নিয়মিত অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৭৯ সালে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সীমান্ত এলাকায় প্রতিবেশিদের সেনাবাহিনী ও এর সরঞ্জাম পর্যবেক্ষণের জন্য গঠিত হয় এমএফও। এটি তিরান উপত্যকা দিয়ে বিমান চলাচল নির্বিঘ্ন করাও নিশ্চিত করে। এর সদর দপ্তর রোমে। ১৩টি দেশের ১ হাজার ১৫৪ জন সেনা নিয়ে এমএফও গঠিত।  এর পরিচালনা ব্যয়ের এক তৃতীয়াংশ এবং ৪৫০ জন সেনা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সিনাই উপত্যকার প্রায় ৪ হাজার কিলোমিটার এলাকার দেখভাল করে এই বাহিনী। সিনাই উপত্যকায় ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই লড়াই চালাচ্ছে মিশর। এমএফওর বিবৃতিতে জানানো হয়েছে দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন ইঙ্গিত পাওয়ার মতো কোনো তথ্য নেই। তবে এই ঘটনা তদন্ত করে দেখা হতে পারে। দুর্ঘটনায় হতাহত শান্তিরক্ষীদের চিকিত্সায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।