স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কারমাইকেল কলেজের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিয়ে মিলন মেলা বসেছিল শুক্রবার কলেজের বাংলামঞ্চে। সকাল ১০টায় কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনভর কর্মসূচির উদ্বোধন করেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল। এরপর আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ এবং বাংলামঞ্চে কেক কাটা হয়। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি রংপুর আঞ্চলিক কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন ও কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক।
