ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে জীবননগরগামী একটি বাস চাপায় মামুন অর রশিদ (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। অপরদিকে সেজিয়া গ্রামে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে খাদে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) ঘটনাস্থলেই মারা যান।
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বিরামপুর শহরের কলেজ বাজার বটতলীতে শুক্রবার সকালে ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হাদি (৫৫)। তিনি বিরামপুর পৌরসভার পারভবানীপুর মহল্লার আব্দুস সোবহানের ছেলে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
